Monday, August 2, 2021

 

অর্ক চট্টোপাধ্যায়ের কবিতা 



১

অতীতের মৃতেরা কি জানলো না
বর্তমানের মৃত্যুসমগ্র?
পেপারওয়েটের ভিতর
অসহায় বুদবুদ যেভাবে
একদশক পর হঠাৎ মিলিয়ে যায়।।

২

অবসাদের দুইটি প্রদীপ,
সমান্তরাল জ্বলে।।
মোমের গলন,
পদস্খলন,
একলা বয়ে চলে।।

৩

ছবিতে নয়, হাতের লেখায়,
স্বল্পভাষে মনে করি তোমায়!
পিছিয়ে পড়ে পিছন-সময় দেখা,
কলম ভাঙলে আঙুল জুড়ে তোমার
দুঃখকষ্ট যত্ন করে রাখা।।

৪

আতস কাঁচের আলো!
বন্ধুমুখের সুপ্রাচীন সে আলো!
বিকেল ভুলে অপার সন্ধ্যা নামলে,
বিস্মৃত শরাফতের সে আলো!
লাঙলসীমার আলো!
বিবেকবন্দী আলো!
বাতিঘরের পাহাড় থেকে,
গণকণ্ঠের হকিকত সে আলো!

৫

মালারমের লেখা পড়ে বুঝি
বইয়ের রহস্যবাস গভীরতায়
সরল জটিলায়িত হয় পাতার ভাঁজে
পাতা খুলে ধরলে প্রান্তবরাবর
ঘনিয়ে আসা অন্ধকারে মালারমের গ্রন্থরূপ
শিলালিপির কথকতা হয়ে বাঁচে।।

1 comment:

  1. খুব ভালো লাগল। যেভাবে ভেবেছ। ধরনটা ভীষণ ভালো লাগল।

    ReplyDelete